আন্তর্জাতিক ডেস্ক : বাজারে আসার মাত্র তিন বছরের মাথায় নিজেদের বহুল আলোচিত ও বিতর্কিত বৈদ্যুতিক পিকআপ ‘সাইবারট্রাক’-এর উৎপাদন চিরতরে গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা। আগামী বছরের মাঝামাঝি সময় থেকেই এই আইকনিক গাড়িটির উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় স্বয়ং টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক এই তথ্য নিশ্চিত করেছেন।
মাস্ক জানিয়েছেন, টেক্সাসের গিগাফ্যাক্টরিতে ভবিষ্যৎ প্রজন্মের চালকহীন স্বয়ংক্রিয় ট্যাক্সি ‘সাইবারক্যাব’-এর ব্যাপক উৎপাদন শুরু করতেই সাইবারট্রাক বন্ধের এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, টেক্সাসের এই একটি মাত্র কারখানাতেই বিশ্বজুড়ে সরবরাহ করা টেসলার সাইবারট্রাক তৈরি হতো।
২০১৯ সালে অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনে সাইবারট্রাকের প্রাথমিক রূপ বা প্রোটোটাইপ উন্মোচন করে একে প্রতিদ্বন্দ্বী ফোর্ডের জনপ্রিয় এফ-১৫০ মডেলের চেয়েও উন্নত বলে দাবি করেছিলেন মাস্ক। তবে ওই উদ্বোধনী মঞ্চেই গাড়িটির কাচকে ‘বুলেটপ্রুফ’ প্রমাণ করতে গিয়ে নকশাকারীর ছোড়া ধাতব বলের আঘাতে তা ফেটে যায়, যা বিশ্বজুড়ে ব্যাপক ট্রল ও হাসির খোরাক জোগায়। পরবর্তীতে সব সংশয় কাটিয়ে ২০২৩ সালের নভেম্বরে গাড়িটি আনুষ্ঠানিকভাবে রাস্তায় নামলেও গত তিন বছরে গ্রাহকদের মধ্যে প্রত্যাশিত সাড়া ফেলতে সম্পূর্ণ ব্যর্থ হয় এই অদ্ভুত স্টিল কাঠামোর গাড়িটি।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে মোটর ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে যুক্তরাষ্ট্রে মাত্র ১ হাজার ৯১৪টি সাইবারট্রাক নিবন্ধিত হয়েছে; যার বিপরীতে একই মাসে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড তাদের ঐতিহ্যবাহী এফ-সিরিজের ট্রাক বিক্রি করেছে ৭০ হাজারেরও বেশি। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের তীব্র মেরুকরণের রাজনীতিতে মাস্কের কট্টর ডানপন্থি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পঘেঁষা অবস্থানের কারণে সাইবারট্রাকের অদ্ভুত নকশাটি সাধারণ ক্রেতাদের বদলে একটি বিশেষ রাজনৈতিক বলয়ের প্রতীক হয়ে ওঠে—যা এর বাণিজ্যিক বাজারে বড় ধস নামায়।
এদিকে সাইবারট্রাকের জায়গা দখল করতে যাওয়া নতুন ‘সাইবারক্যাব’ নিয়েও তৈরি হয়েছে আইনি জটিলতা। গত সেপ্টেম্বরে উন্মোচিত এই স্টিয়ারিং হুইল, লুকিং গ্লাস ও ব্রেক প্যাডেলহীন দুই আসনের চালকহীন ট্যাক্সি দিয়ে টেক্সাসের অস্টিনে যাত্রীসেবা শুরুর ঠিক পরদিনই কেন্দ্রীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের সন্দেহে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)। ফলে সাইবারট্রাকের বিদায়ের পর নতুন এই চালকহীন যান টেসলাকে কতটা সুরক্ষা দিতে পারবে, তা নিয়ে দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা।
