ফোরটিন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীর ঝুলিতে যুক্ত হলো আন্তর্জাতিক অঙ্গনের আরও একটি বড় স্বীকৃতি। নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেয়ালের দেশ’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন তিনি। এই গৌরবময় অর্জনে আবেগচ্ছ্বল হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহকর্মীদের উদ্দেশ্যে নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি।
সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড সামাজিক পেজে এক দীর্ঘ বার্তায় বুবলী জানান, এই আন্তর্জাতিক পুরস্কারটি কেবল তার একার সাফল্য নয়, বরং এটি ‘দেয়ালের দেশ’ চলচ্চিত্রের পুরো টিমের অক্লান্ত পরিশ্রম ও নিবেদনের বড় স্বীকৃতি। তিনি ছবির পরিচালক মিশুক মনি, প্রযোজক, সহশিল্পী এবং নেপথ্যের কলাকৌশলীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
নিজের যাত্রাপথের কথা স্মরণ করে বুবলী আরও উল্লেখ করেন যে, পরিবার, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের নিরবচ্ছিন্ন সমর্থন তাকে কঠিন চরিত্রে কাজ করতে সাহসী করেছে। বিশেষ করে সাধারণ দর্শকদের অপরিসীম ভালোবাসা ও উৎসাহই তাকে প্রতিনিয়ত অভিনয় দিয়ে নতুন কিছু দেওয়ার মূল শক্তি জুগিয়েছে।
এই আন্তর্জাতিক পুরস্কার তাকে ভবিষ্যতে আরও চ্যালেঞ্জিং চরিত্র ও মানসম্পন্ন গল্পে কাজ করার ক্ষেত্রে বড় ধরনের অনুপ্রেরণা যোগাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এই জনপ্রিয় অভিনেত্রী।
