ফোরটিন ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক দুই বছরপূর্তিতে আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লি থেকে আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অত্যন্ত গুরুত্ববহ এই ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তার সাথে একই প্যানেলে বক্তব্য রাখবেন তার পুত্র ও সাবেক তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তারকা ক্রিকেটার ও এমপি সাকিব আল হাসান।
ভারতের খ্যাতনামা সংবাদ সংস্থা ‘দ্য ফরেন করেসপন্ডেন্টস ক্লাব (এফসিসি) অব সাউথ এশিয়া’-র আয়োজনে নয়াদিল্লির মথুরা রোডের ‘স্যার মার্ক টালি অডিটোরিয়ামে’ অনুষ্ঠানটি আয়োজিত হতে যাচ্ছে। ভারতীয় সময় ৫ আগস্ট ২০২৬ (সোমবার) বিকেল ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত এই সংবাদ সম্মেলন চলবে। আয়োজকরা জানিয়েছেন, ভারত সরকারের পক্ষ থেকে এই ইভেন্টে কোনো রকম আপত্তি জানানো হয়নি এবং বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমকর্মীরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবেন।
এতে শেখ হাসিনা সরাসরি অডিও সংযোগের মাধ্যমে বক্তব্য রাখবেন, যেখানে তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে পারেন। অন্যদিকে, সজীব ওয়াজেদ জয় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের অবস্থান নিয়ে কথা বলবেন।
প্যানেলে আরও উপস্থিত থাকবেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মোহাম্মদ আলী সিদ্দিকসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
এফসিসি সাউথ এশিয়ার সভাপতি ড. ওয়ায়েল আউয়াদ স্পষ্ট করেছেন, নিরপেক্ষ সাংবাদিকতা ও বিশ্বজুড়ে অবাধ মতপ্রকাশের নীতির আলোকেই শেখ হাসিনাকে এই সুযোগ দেওয়া হচ্ছে। ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে আশ্রয় নেওয়ার পর এটিই হতে যাচ্ছে শেখ হাসিনার সবচেয়ে বড় ও কৌশলগত প্রকাশ্য রাজনৈতিক পদক্ষেপ।
