নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থী তাসনিয়া হাসান ইভা। শ্রীলঙ্কায় আয়োজিত আন্তর্জাতিক পিস ইনস্টিটিউটে বাংলাদেশ থেকে মনোনীত তিনজন প্রতিনিধির মধ্যে তিনি স্থান করে নিয়েছেন।
তাসনিয়া হাসান ইভা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি (Accounting & Information Systems) বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।
জানা গেছে, শ্রীলঙ্কার ঐতিহাসিক শহর ক্যান্ডিতে (Kandy) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘Peace Institute IV: Training of Trainers on Religion, Interfaith Understanding, and Peacebuilding’ শীর্ষক আন্তর্জাতিক উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচি। আগামী ৩ আগস্ট ২০২৬ থেকে শুরু হয়ে ১৮ আগস্ট ২০২৬ পর্যন্ত দুই সপ্তাহব্যাপী এই সম্মেলন ও ট্রেনিং প্রোগ্রাম পরিচালিত হবে।
এই প্রশিক্ষণ আয়োজনের মূল লক্ষ্য হলো—বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি তৈরি, সামাজিক সহনশীলতা বৃদ্ধি এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার (Peacebuilding) লক্ষ্যে দক্ষ ট্রেইনার তৈরি করা।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে এই অর্জন প্রসঙ্গে সহপাঠী ও শিক্ষকবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন এবং তাকে শুভকামনা জানিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে দেশের লাল-সবুজ পতাকা ও বিশ্ববিদ্যালয়ের সুনাম তুলে ধরতে পেরে তিনি উচ্ছ্বসিত।
