বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জের কর্মসূচি ও উত্তেজনাকর পরিস্থিতি সামাল দেওয়ার পর এবার সিলেটের গোলাপগঞ্জে আয়োজিত সমাবেশে যোগ দিতে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় শীর্ষ নেতারা। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই, ২০২৬) সকালে মৌলভীবাজার সার্কিট হাউজ থেকে সুবিশাল গাড়িবহর নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন তারা।
উচ্চপর্যায়ের এই প্রতিনিধি দলে অংশ নিচ্ছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এমপি এবং দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ এনসিপির প্রথম সারির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা গেছে, সফরকালে নেতারা বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনে সিলেটের গোলাপগঞ্জ এলাকায় শহীদ হওয়া সাতজন বীর শহীদের পরিবারে যাবেন। সেখানে তাঁরা শহীদ পরিবারের সদস্যদের সাথে সরাসরি সাক্ষাৎ করবেন, তাঁদের সার্বিক খোঁজখবর নেবেন এবং সহমর্মিতা প্রকাশের পাশাপাশি পরবর্তী করণীয় বিষয়ে মতবিনিময় করবেন।
এনসিপির গোলাপগঞ্জ উপজেলা শাখা থেকে জানানো হয়েছে, মহান জুলাই আন্দোলনে শহীদদের অবিস্মরণীয় আত্মত্যাগকে স্মরণ করা এবং সর্বদা তাঁদের পরিবারের পাশে থাকার বার্তা দিতেই এই আবেগঘন সফরের আয়োজন করা হয়েছে। শহীদ পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সাক্ষাৎ শেষে এনসিপির শীর্ষ নেতারা স্থানীয় নেতাকর্মী ও সাধারণ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে একটি সমাবেশে অংশ নিয়ে মতবিনিময় করবেন।
উল্লেখ্য, গতকাল হবিগঞ্জে ১৪৪ ধারার মধ্যে পুলিশি ব্যারিকেড ও উত্তেজনাকর পরিস্থিতি পার করার পর রাতে মৌলভীবাজার সার্কিট হাউসে রাত্রিযাপন করেছিলেন এনসিপির শীর্ষ নেতারা। সেখান থেকেই আজ সকালে সিলেটে তাঁদের পূর্বনির্ধারিত এই মানবিক ও রাজনৈতিক সফর শুরু হলো।
