নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি আমেরিকানদের অবস্থান আরও সুদৃঢ় করে কুইন্স ডেমোক্রেটিক পার্টির ‘ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ’ পদে ষষ্ঠবারের মতো পুনর্নির্বাচিত হয়েছেন বিশিষ্ট অ্যাটর্নি মইন চৌধুরী। কুইন্স কাউন্টির ডিস্ট্রিক্ট লিডারদের প্রত্যক্ষ ভোটে তিনি বিপুল সমর্থনে পুনরায় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেন।
পুনর্নির্বাচিত হয়ে ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ হিসেবে তিনি কুইন্স ডেমোক্রেটিক পার্টির সার্বিক সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্ব প্রদান করবেন। পাশাপাশি প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় দলীয় নেতৃত্ব ও স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে তুলে ধরা এবং সাধারণ জনগণ ও রাজনৈতিক নেতৃত্বের মাঝে কার্যকর সমন্বয় সাধনে তিনি মূল ভূমিকা পালন করবেন।
এছাড়া যুক্তরাষ্ট্রের সিনেটর, কংগ্রেস সদস্য এবং অন্যান্য উচ্চপদস্থ জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করে জনস্বার্থসংশ্লিষ্ট কাজ পরিচালনা করবেন তিনি। কমিউনিটির উন্নয়ন, প্রবাসীদের প্রয়োজন নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়া, জনকল্যাণমূলক আইন প্রণয়নে জনমত গঠন এবং ডেমোক্রেটিক পার্টির নিয়ম অনুযায়ী গুরুত্বপূর্ণ বিচার বিভাগীয় পদে যোগ্য ব্যক্তিদের দলীয় মনোনয়নের প্রস্তাবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, অ্যাটর্নি মইন চৌধুরী দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আইন পেশা, সমাজসেবা এবং বাংলাদেশি আমেরিকান কমিউনিটির নানাবিধ সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। সমর্থকদের মতে, তিনি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করার বিরল অনুমোদনপ্রাপ্ত প্রথম বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি।
তাঁকে ষষ্ঠবারের মতো বিজয়ী করায় নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বাংলাদেশি সামাজিক সংগঠন, কমিউনিটি নেতৃবৃন্দ এবং শুভানুধ্যায়ীরা তাঁকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন মেয়াদে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি মূলধারার মার্কিন রাজনীতিতে বাংলাদেশিদের অংশগ্রহণ বৃদ্ধি এবং প্রবাসী অভিবাসীদের অধিকার রক্ষায় আরও শক্তিশালী ভূমিকা রাখবেন।
