বিশেষ প্রতিবেদন : সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর হয়ে নির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের (৭৫) সম্প্রতি ভাইরাল হওয়া ‘ব্যক্তিগত ভিডিও’ এবং তরুণীর সাথে বিতর্কিত সম্পর্ক নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। এমপি নজরুল ইসলামের সাথে ওই তরুণীর অবৈধ সম্পর্ক বজায় রাখতে ও বিষয়টি ধামাচাপা দিতে তরুণীর বাবাকে ঠিকাদারি লাইসেন্স করিয়ে দিয়ে কোটিপতি বানানোর প্রলোভন দেওয়া হয়েছিল বলে গুরুতর দাবি করেছেন সংসদ সদস্যের সাবেক ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান।
সম্পর্কে ওই তরুণীর মামা ওবায়দুল রহমান জানান, তিনি নিজে এমপি গাজী নজরুলের গাড়ি চালক হওয়ার পাশাপাশি তরুণীর বাবার সুবাদে এমপি নজরুলের নিকটাত্মীয় ছিলেন। ওবায়দুরের দাবি, এমপির অনৈতিক সম্পর্ক জেনেও টাকার লোভে মেয়েটির বাবা মাসুম বিল্লাহ এবং মা এতে কোনো আপত্তি জানাননি। উল্টো মেয়েটির বাবা বলতেন, “এমপিকে হাতে রাখতে হবে, এই পাঁচ বছরে আমাদের অনেক কিছু করে নিতে হবে।”
চাঞ্চল্যকর এই ঘটনার সূত্রে জানা গেছে, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরপরই তরুণীর বাবা মাসুম বিল্লাহকে ‘মাসুম এন্টারপ্রাইজ’ নামে একটি প্রথম শ্রেণির ঠিকাদারি লাইসেন্স করিয়ে দেন গাজী নজরুল। দরপত্র জমা দেওয়ার দায়িত্ব ছিল মাসুমের, আর অনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি কাজ পাইয়ে দেওয়ার দায়িত্ব নেন স্বয়ং সংসদ সদস্য। সাতক্ষীরার এলজিইডি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে তাঁদের অনুকূলে কাজ পাইয়ে দিতে পছন্দের প্রকৌশলীকে বদলি করে আনার মতো তদবিরও করেছিলেন এই সাবেক জামায়াত নেতা। এছাড়া তরুণীকে জাতীয় সংসদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়।
গাড়িচালক ওবায়দুল রহমান আরও জানান, তিনি যখন এমপি হোস্টেলে গিয়ে ভাগনির সাথে এই অনৈতিক সম্পর্কের বিরোধিতা করেন, তখন গাজী নজরুল ইসলাম তথাকথিত ‘মুতআ বিয়ে’র (অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য বিয়ে) ফতোয়া দিয়ে সম্পর্কটিকে বৈধ হিসেবে চালানোর অপচেষ্টা করেন। পরবর্তীতে বিষয়টি গোপন রাখতে ওবায়দুলকে একটি গাড়ি কিনে দেওয়ার লোভ দেখানোর পাশাপাশি এমপির এপিএস-২ বানানোরও অফার দেওয়া হয়।
পরবর্তীতে এই প্রতিবাদের জেরে ওবায়দুলকে মারধর ও হত্যাচেষ্টা করা হলে গত ২১ জুলাই রাজধানীর পল্লবী থানায় গাজী নজরুলসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ওবায়দুল। বিতর্কিত ভিডিও ফাঁসের পরপরই নৈতিক স্খলনের দায়ে জামায়াতে ইসলামী ইতোমধ্যে গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করেছে। এর পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন এবং তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যের এক ভিডিওতে ওই তরুণী দাবি করেছেন, ২০২৬ সালের ১৭ জুন দুই পরিবারের সম্মতিতে সাতক্ষীরার শ্যামনগরে গাজী নজরুলের সাথে তাঁর আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয় এবং সেখানে এমপির প্রথম স্ত্রীও উপস্থিত ছিলেন।
