ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা এলাকায় অজ্ঞাত স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’-এর কর্মী-সমর্থকদের একটি ঝটিকা মশাল মিছিলের ৫৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়েছে। গতকাল শুক্রবার (২৪ জুলাই, ২০২৬) দিবাগত রাতে মিছিলটি শেষ হওয়ার পরপরই ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার করা হয়, যা পরবর্তীতে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের মাধ্যমে দ্রুত ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে মহাসড়ক সদৃশ এক নির্জন স্থানে মুখে মাস্ক পরিহিত একদল যুবক মশাল হাতে ঝটিকা মিছিল করছেন। মিছিল থেকে “ভাঙ্গার মাটি আওয়ামী লীগের ঘাঁটি”, “দেওয়ালে দেওয়ালে লিখে দে শেখের বেটি আইতাছে”, “৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার” এবং “শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি” সহ নানা রাজপথ কাঁপানো স্লোগান দিতে দেখা যায়। তবে ভিডিওটি অতিরিক্ত অন্ধকার ও সংক্ষিপ্ত হওয়ায় এতে অংশগ্রহণকারীদের পরিচয় কিংবা নিখুঁত স্থান চিহ্নিত করা সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “আমাদের জানা মতে ভাঙ্গা থানা এলাকায় এ ধরনের কোনো মিছিল অনুষ্ঠিত হয়নি। তবে অন্য কোনো থানা এলাকায় এমন আয়োজন করে ভাঙ্গার নামে ছড়িয়ে দেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার রাতেই ভিডিওটি সামাজিক মাধ্যমে দেখার পর থেকে ভাঙ্গা থানা পুলিশ রহস্য উদ্ঘাটনে কাজ করছে।” আজ শনিবার বিকেল পর্যন্ত ভাঙ্গার কোথাও এমন মিছিলের কোনো সুনির্দিষ্ট প্রমাণ পুলিশ মেলেনি বলে জানান তিনি।
এদিকে ফরিদপুর জেলা ছাত্রলীগের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ফরিদপুর-৪ আসনের সাবেক এক সংসদ সদস্য এবং জেলা ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের নির্দেশনায় ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ নেতা সনেটের অনুসারীরা উপজেলার একটি মহাসড়কে এই মশাল মিছিলের আয়োজন করেন। তবে পুলিশি হয়রানি, গ্রেপ্তার ও মামলার ভয়ে মিছিলের নিখুঁত স্থান ও অংশগ্রহণকারীদের নাম প্রকাশ করতে অস্বীকার করেছেন তারা।
