নিজস্ব প্রতিবেদক
নওগাঁর মান্দায় ব্যাটারিচালিত অটোরিকশায় ঘুরে ঘুরে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং করার ঘটনা ঘটেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়ন এলাকায় এক যুবক প্রকাশ্য দিবালোকে অটোরিকশায় মাইক বেঁধে এই প্রচারণা চালান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যায়, অটোরিকশাটি চলমান অবস্থায় চালক মাইকে প্রথমে মান্দা উপজেলাবাসীকে শুভেচ্ছা জানান। এরপর প্রচারণায় বলা হয়, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরে আসবেন। একই সঙ্গে দলমত-নির্বিশেষে তাঁকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগান দিয়ে মাইকিং শেষ করা হয়।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ঘটনাটি বৃহস্পতিবারের। খবর পেয়ে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
