নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় পুলিশের সামনে বীরদর্পে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেছে।শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ মিছিলে হামলা করতে আসলে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নেতার্মীরা পুলিশকে প্রতিহত করে। পুলিশের টহল গাড়িতে ভাঙচুর চালানোসহ দুই পুলিশ সদস্যকে মারধর করা হয়।
স্থানীয় সূত্রে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রঘুনাথপুরের চরপাড়া সড়ক থেকে লাঠিসোঁটা হাতে একটি মিছিল বের হয়ে খেয়াঘাট এলাকায় পৌঁছায়। ভিডিওটি মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাঁদের নিজস্ব ফেসবুক আইডিতে শেয়ারও করেছেন। মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। এসময় টহলরত পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে আসলে নেতাকর্মীরা নিজেদের রক্ষা করতে গিয়ে ক্ষোভে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় এবং গাড়িটি ভাঙচুর করে। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ সদস্যরা গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বেদগ্রাম খেয়াঘাট এলাকায় পুলিশের নিয়মিত টহল চলাকালে যুবলীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা মুরসালিনের নেতৃত্বে শেখ হাসিনার পক্ষে একটি মিছিল বের করা হয়। পুলিশ এতে বাধা দিতে গেলে মিছিলকারীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
হামলায় গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ফুল মিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে রঘুনাথপুর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ওসি মো. আমিনুল ইসলাম আরও জানান, হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতারে জোর অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি গোপালগঞ্জ শহরের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
