নিজস্ব প্রতিনিধি :
গাজীপুরের রাজেন্দ্রপুরের নান্দুয়ান এলাকায় এক বিশাল ও স্বতঃস্ফূর্ত বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর ভাওয়াল জাতীয় উদ্যানের ৩ নম্বর গেট থেকে শুরু হয়ে রাজেন্দ্রপুর বাজার এলাকায় গিয়ে শেষ হয় এই সুশৃঙ্খল মিছিল। এতে সামনে থেকে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল। প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে শতাধিক নিবেদিতপ্রাণ নেতাকর্মী সাহসিকতার সাথে এই মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিলে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লের উদাত্ত আহ্বানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো রাজপথ। নেতাকর্মীরা অত্যন্ত উদ্দীপনা ও সাহসিকতার সাথে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’, এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ সহ নানা স্লোগান দেন। রাজপথে নেতাকর্মীদের এমন সরব উপস্থিতি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্যে নাসির মোড়ল বলেন, ‘আজকে গাজীপুরের মাটিতে আপনারা উপস্থিত হয়ে যে অকৃত্রিম ভালোবাসা দেখিয়েছেন, সেজন্য আপনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আমি নাসির মোড়ল শেখ হাসিনার একজন গর্বিত সৈনিক। দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে জয় বাংলার বিজয় আমরা ছিনিয়ে আনবোই আনবো।’ তাঁর এই বক্তব্যে তৃণমূলের নেতাকর্মীরা নতুন করে উজ্জীবিত হন।
এদিকে, ছাত্রলীগের এই স্বতঃস্ফূর্ত মিছিলের বিষয়ে জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘মিছিলের বিষয়টি জেনেছি। ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ফুটেজ দেখে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’ অপরদিকে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, ‘মিছিলটি আমাদের থানা এলাকায় হয়নি, এটি মেট্রোপলিটন (জিএমপি) এলাকায় হয়েছে। তারপরও আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
