নিজস্ব প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ সংশ্লিষ্টদের তীব্র সমালোচনা করে আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান বলেছেন, ‘হাসনাতরা ত্রাণের হিসাবও দিতে পারেনি। আমরা জিজ্ঞেস করলে বলে ইউটিউবে দেখেন।’
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় তিনি বন্যা দুর্গতদের জন্য সংগৃহীত ত্রাণের অর্থ ও সামগ্রী বণ্টন নিয়ে এসব বিস্ফোরক মন্তব্য করেন।
ভিডিওতে মো. তারেক রহমান বলেন, ‘হাসনাতরা চ্যালেঞ্জ করে এক টাকার দুর্নীতি যদি কেউ বের করতে পারে তাহলে সে রাজনীতি ছেড়ে দেবে, সংসদ সদস্যের পদ ছেড়ে দেবে, সংসদ থেকে বের হয়ে যাবে, আর এমপি থাকবে না। তারা তো ত্রাণের হিসাব দিতে পারেনি। যখন আমরা জিজ্ঞেস করি, তারা বলে ইউটিউবে দেখেন।’
তিনি আরও অভিযোগ করে বলেন, ‘ইউটিউবে গিয়ে আমরা দেখলাম, টিএসসিতে ত্রাণের জন্য কাপড়চোপড় যা আসছিল, তা তারা কেজি দরে বিক্রি করেছে। সেগুলো কাপড়ওয়ালারা নিয়ে মাঠে শুকাইতে দিছে।’
ত্রাণ তহবিলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘একটা রিকশাওয়ালা তার টাকা দিয়েছেন, একটা গৃহবধূ কানের দুল খুলে দিয়েছেন, নাকফুল খুলে দিয়েছেন বন্যার ত্রাণের জন্য। সেই টাকা তারা দেয়নি, তছরুপ করেছে।’
তারেক রহমান প্রশ্ন তুলে বলেন, ‘যে সময় মানুষের গলা পর্যন্ত পানি, মানুষ মারা যাচ্ছে বন্যার পানিতে, সেই সময় বন্যার জন্য নেওয়া ত্রাণ না দিয়ে পরবর্তীতে বলতেছে সরকারি তহবিলে দিয়েছে। সেই তহবিলের টাকার বিষয়ে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের মানুষকে জিজ্ঞেস করেছি, আজ পর্যন্ত দুই পয়সা পেয়েছেন? এগুলোর উত্তর দিতে পারবে না।’
সমন্বয়কদের সততা নিয়ে প্রশ্ন তুলে আমজনতার দলের এই শীর্ষ নেতা আরও বলেন, ‘তারা সততার মানদণ্ডের কথা বলতেছে। কিন্তু বিভিন্ন প্রকল্পের কথা বলে তার (হাসনাত) নিজের এলাকায় কয়েক শ কোটি টাকা নিয়েছে।’
