নিজস্ব প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে (৬) ধর্ষণের অভিযোগে একটি চাইনিজ রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন ‘জাফলং চাইনিজ ফাস্টফুড’ রেস্টুরেন্টে এই ঘটনা ঘটে।
ঘটনার পরপরই অভিযুক্ত আমির উদ্দিন নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা এলাকার ওই চাইনিজ রেস্টুরেন্টের ভেতরে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে মুহূর্তের মধ্যে স্থানীয় শত শত মানুষ সেখানে জড়ো হন। তারা অভিযুক্ত আমির উদ্দিনকে হাতেনাতে আটকে রেখে তীব্র মারধর শুরু করেন। খবর পেয়ে গাইবান্ধা সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নেওয়ার পর এলাকাবাসীর ক্ষোভ আরও তীব্র রূপ নেয়। চরম বিক্ষুব্ধ জনতা দুপুরের দিকে ওই রেস্টুরেন্টটিতে অগ্নিসংযোগ করে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো রেস্টুরেন্টে ছড়িয়ে পড়ে এবং গোটা আসবাবপত্রসহ রেস্টুরেন্টটি পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম জানান, “ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছে। ভুক্তভোগী শিশুকে শারীরিক পরীক্ষার জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।”
তিনি আরও জানান, এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ মেলেনি। অভিযোগ পাওয়া মাত্রই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অগ্নিসংযোগের ঘটনার পর এলাকায় থমথমে উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
