নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার সকাল থেকে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, জাতীয় সংসদ ভবনের পূর্বপাশের প্রধান সড়ক, ডেমরা, মিরপুরের রূপনগর ও কাফরুল এলাকায় পৃথক পৃথক মিছিল বের করা হয়।
এসব মিছিলে আওয়ামী লীগের মূল দলের নেতাকর্মী ছাড়াও যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিলগুলো থেকে আওয়ামী লীগের ওপর আরোপিত রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।
রাজধানীর ডেমরা এলাকায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী একত্রিত হয়ে একটি বড় বিক্ষোভ প্রদর্শন করেন। একই সময়ে সংসদ ভবনের পূর্বপাশের সড়কে অবস্থান নিয়ে দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন।
অন্যদিকে মিরপুরের রূপনগর ও কাফরুল এলাকায় পৃথক দুটি মিছিলের নেতৃত্ব দেন স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগ এবং মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়।