নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯ বছরের এক শিশুকে ওজু শেখানোর অজুহাতে বাথরুমে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুর নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরের দিকে রূপগঞ্জের একটি ভাড়াবাসায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। গ্রেপ্তার হওয়া ২২ বছর বয়সী ইসানুর সুনামগঞ্জ জেলার দিরাই থানার মাছিমপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রূপগঞ্জের একটি এলাকায় একটি ভাড়াবাড়ির দুই কক্ষের ফ্ল্যাটে বসবাস করতেন ইসানুর। তিনি ওই ফ্ল্যাটের একটি কক্ষ নিজের থাকার জন্য ব্যবহার করতেন এবং অন্য কক্ষটিতে স্থানীয় শিশু-কিশোরদের আরবি পড়াতেন।
ঘটনার দিন ভুক্তভোগী শিশুটি অন্য শিক্ষার্থীদের মতোই ইসানুরের কাছে আরবি পড়তে গিয়েছিল। পড়া চলাকালীন একপর্যায়ে ওজু শেখানোর কথা বলে শিক্ষক ইসানুর শিশুটিকে কৌশলে বাথরুমে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে বাথরুম থেকে আপত্তিকর অবস্থায় ইসানুরকে হাতেনাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দিয়ে ঘরে আটকে রাখেন।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষক ইসানুরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে আব্দুল্লাহ মোহাম্মদ ইসানুরকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ইতোমধ্যে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
