নিউইয়র্কের কুইন্সের ফার রকওয়ে বিচ এরিয়াতে আগামী ৩১ জুলাই ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত “জোছনা উৎসব ২০২৬”। শ্রাবণের পূর্ণিমার মনোমুগ্ধকর রাতে কবিতা, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রবাসী বাঙালিদের একত্রিত করার লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, “জলে গানে মত্তে কবিতায়” স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিতব্য এ উৎসব প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশ ও নতুন প্রজন্মের কাছে ঐতিহ্য তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রকৃতির অপার সৌন্দর্য, পূর্ণিমার আলো এবং সাংস্কৃতিক আবহে দর্শক-শ্রোতাদের জন্য এক স্মরণীয় সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। উৎসবের ভেন্যু নির্ধারণ করা হয়েছে ফার রকওয়ে বিচ এরিয়া, ১৫৫ বিচ ৯৫তম স্ট্রিট, কুইন্স, নিউইয়র্ক ১১৬৯৩। অংশগ্রহণকারীদের জন্য ফ্রি পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন নুরুল আমিন বাবু, পৃষ্ঠপোষক নিউটন দাস, প্রধান উপদেষ্টা লুৎফুন নাহার লতা এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন পিনাকী তালুকদার।
উৎসবের সার্বিক পরিচালনার দায়িত্বে রয়েছেন স্বীকৃতি বড়ুয়া, আব্দুল হামিদ ও গোপাল সন্যাল। গণসংযোগ ও মিডিয়া সমন্বয়কের দায়িত্ব পালন করছেন আসলাম আহমেদ খান। এছাড়া ব্যবস্থাপনা সহযোগী হিসেবে রয়েছেন রামদাস স্বরামী ও ড. এনামুল হক। অনুষ্ঠান সহযোগী হিসেবে কাজ করছেন স্বাধীন মজুমদার এবং তাহরিনা পারভীন প্রীতি।
আয়োজকরা জানান, জোছনা উৎসব শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং প্রবাসে বাংলা সাহিত্য, সঙ্গীত ও সংস্কৃতিকে একসূত্রে গাঁথার একটি প্রাণের মঞ্চ। পূর্ণিমার আলোয় কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশনা এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রবাসী বাংলাদেশিসহ বাংলা ভাষাভাষী সকল সংস্কৃতিপ্রেমীকে এ উৎসবে অংশগ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, প্রবাসে বাংলা সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষায় এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে “জোছনা উৎসব ২০২৬” গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
