নিউইয়র্ক প্রতিনিধি: প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব ও খেলাধুলার আনন্দ ছড়িয়ে দিতে নিউইয়র্কে আয়োজন করা হচ্ছে ‘নিউইয়র্ক ফ্রেন্ডস ক্যারম চ্যাম্পিয়নশিপ ২০২৬’। হিলসাইড ফ্রেন্ডস গেমিং লাউঞ্জের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য ২ হাজার ডলার এবং রানার্সআপ দলের জন্য ১ হাজার ডলার নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
আয়োজক আপেল শেখ জানান, আগামী ৯ নভেম্বর ২০২৬, সোমবার টুর্নামেন্টের খেলা শুরু হবে সকাল ১১টা থেকে খলীল বিরিয়ানি পার্টি হলে। উক্ত টুর্নামেন্ট নিউ ইয়র্ক, নিউ জার্সি, ফ্লোরিডা সহ আমেরিকার ৮ স্টেট থেকে মোট ৩২ দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় ‘এ’ ও ‘বি’ নামে দুটি বিভাগ রাখা হয়েছে। খেলোয়াড়দের দক্ষতা ও সামর্থ্য বিবেচনায় বিভাগ নির্ধারণ করা হবে বলে আয়োজকদের পোস্টারে জানানো হয়েছে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, টুর্নামেন্টের খেলাগুলো প্রচলিত কমিউনিটি নিয়ম-কানুন অনুসরণ করে পরিচালিত হবে। আয়োজকরা জানিয়েছেন, ক্যারমপ্রেমীদের একত্রিত করা, পারস্পরিক বন্ধন সুদৃঢ় করা এবং প্রবাসে সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। বন্ধুত্বপূর্ণ পরিবেশে প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড়দের প্রতিভা তুলে ধরার পাশাপাশি কমিউনিটির মধ্যে সৌহার্দ্য বৃদ্ধিতেও এ টুর্নামেন্ট ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।
‘Same Friends, Same Spirit, Bigger Dreams’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ চ্যাম্পিয়নশিপ ঘিরে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি ক্যারমপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
