নিউইয়র্ক প্রতিনিধি: প্রবাসের জনপ্রিয় ব্যান্ড ক্যাপ্টেন্স নিউইয়র্কের উডসাইডে আগামী ২২ নভেম্বর ২০২৬, রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো ‘রক ফেস্ট’। প্রবাসী বাংলাদেশি দর্শকদের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম, এস আই টুটুলসহ একঝাঁক শিল্পী সংগীত পরিবেশন করবেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে আরও অংশ নেবেন আফতাব জনি, বিউটি দাস, রেশমি মির্জা, রাজীব রহমান ও হাসান সুমন। বিভিন্ন ধারার শিল্পীদের পরিবেশনায় পুরো সন্ধ্যা মুখর হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন আয়োজকেরা।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের কুইন্স প্যালেসে। ৩৭-১১ ৫৭তম স্ট্রিট, উডসাইড, নিউইয়র্ক ১১৩৭৭ ঠিকানায় অবস্থিত ভেন্যুতে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই আয়োজন।
প্রবাসের ব্যস্ততম জীবনে কয়েকজন তরুন গড়ে তোলে বাংলা রক গানের দল ক্যাপ্টেইন্স। সৌরভ, মিথুন, নাইম, শুভ্র আর রেশমী মির্জা। ভোকালে রেশমী, ড্রামার মিথুন, কীবোর্ডে সৌরভ এবং লীড গিটারে শুভ্র সকলেই প্রবাসে নিজ নিজ স্হানে জনপ্রিয়। সঙ্গীতের প্রতি ভালোবাসা থেকেই ক্যাপ্টেন্স ব্যান্ডের জন্ম। অতিথি শিল্পী হিসেবে আছেন বেইজ গিটারিস্ট নাইম।
প্রবাসে বাংলা সংগীতের জনপ্রিয়তা ও সাংস্কৃতিক বন্ধনকে আরও শক্তিশালী করার প্রত্যাশা নিয়ে আয়োজিত এই ‘রক ফেস্ট’ ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
