নিজস্ব প্রতিবেদন: দেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশন খাতের জন্য এক বিশাল স্বস্তির খবর এসেছে। ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর প্রস্তাবিত ৭.৫ শতাংশ কর (Tax) আরোপ করা হবে না বলে স্পষ্ট আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনপ্রিয় ফেসবুক পেজ ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা ও তরুণ কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানার সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ বিষয়ে তাঁর সরকারের এই ইতিবাচক অবস্থানের কথা ব্যক্ত করেন।
গত সোমবার (১ জুন) সচিবালয়ে জুয়েল রানাকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে তাঁর সৃষ্টিশীল কাজের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। কৃষি, বাংলার প্রকৃতি, প্রান্তিক মানুষ ও সাহিত্যভিত্তিক ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে আলোচনায় আসা জুয়েল রানার ‘চিত্ত মিডিয়া’ পেজটি চালুর মাত্র দেড় বছরের মধ্যে ৪৩ লাখের বেশি অনুসারী (Followers) অর্জন করে দেশজুড়ে ব্যাপক জনপ্রিয় হয়েছে। তরুণদের এমন অনন্য কাজের রাষ্ট্রীয় স্বীকৃতিস্বরূপ সোমবার তাঁকে সচিবালয়ে আমন্ত্রণ জানানো হয়।
গুরুত্বপূর্ণ এই বৈঠক শেষে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে জুয়েল রানা জানান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর নতুন করে ৭.৫ শতাংশ কর আরোপের যে গুঞ্জন ও উদ্বেগ তৈরি হয়েছিল, সে সম্পর্কে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জানতে চান। বিষয়টি শোনার সাথে সাথেই প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে খোঁজ নেওয়ার নির্দেশ দেন এবং এই উদীয়মান খাতে কোনো ধরনের কর আরোপ না করার বিষয়ে স্পষ্ট মত দেন।
জুয়েল রানা প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে বলেন, “প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, ‘এরকম কিছু হইতে দেওয়া যাবে না। আমি চাই যে ইয়াংরা ডিজিটাল মার্কেটিংয়ে যাক, তারা বৈদেশিক বিভিন্ন কাজে ইনভলব থাকুক। তারা বাইরের অর্থ দেশে নিয়ে আসছে, দ্যাটস এনাফ (এটাই যথেষ্ট)।… ফ্রিল্যান্সার যারা আছে তারা দেশের জন্য অনেক বড় ভূমিকা রাখে। যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারা তাদের ফ্যামিলি চালায়। এটা (কর আরোপ) হতে পারে না’।” প্রধানমন্ত্রী আরও যোগ করেন, ‘তারা দেশের টাকা পাচার করে না, বরং দেশে আনে’।
আলোচনায় জুয়েল রানা যৌক্তিকতা তুলে ধরে উল্লেখ করেন, ‘কনটেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সাররা দেশের কোনো সম্পত্তি বা টাকা পাচার করে না। উল্টো তারা রাত জেগে হাড়ভাঙা খাটুনি দিয়ে রেমিট্যান্স ও মূল্যবান বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসে। তাই তাদের ওপর করের বোঝা না চাপিয়ে সরকারের আরো বেশি সহানুভূতিশীল ও সহযোগিতাপূর্ণ হওয়া উচিত।’
জুয়েল রানার এই সময়োপযোগী যুক্তির সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘অবশ্যই, আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে বিষয়টি মনে করিয়ে দিলেন। এরকম কিছু হবে না, আপনারা নিশ্চিন্তে থাকুন। কন্টেন্ট ক্রিয়েশন যারা করছেন এবং ফ্রিল্যান্সার যারা আছেন, তাদের জন্য এরকম কোনো ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। নো টেনশন, আপনারা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যান।’
তবে ফ্রিল্যান্সারদের আয়ের ওপর কর মওকুফের বিষয়ে জুয়েল রানার এই বক্তব্যের পর সরকারের সংশ্লিষ্ট জাতীয় রাজস্ব বোর্ড (NBR) বা অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা লিখিত পরিপত্র জারি করা হয়নি। ফ্রিল্যান্সাররা আশা করছেন, দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
