নিজস্ব প্রতিবেদক: উচ্চশিক্ষার স্বপ্ন ও নেতৃত্ব দক্ষতা উন্নয়নে বিশ্বমঞ্চে যুক্ত হতে ইচ্ছুক বাংলাদেশি তরুণদের জন্য এক দারুণ সুযোগ তৈরি হয়েছে। বিশ্বখ্যাত হার্ভার্ড বিজনেস স্কুলের শিক্ষকদের উদ্যোগে পরিচালিত সম্পূর্ণ অর্থায়িত ‘অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম ২০২৬’-এর আবেদন গ্রহণ আবারো শুরু হয়েছে। নেতৃত্ব দক্ষতা উন্নয়ন এবং বৈশ্বিক নেটওয়ার্ক তৈরির এই অনন্য সুযোগটি লুফে নিতে শিক্ষার্থীদের কোনো আইইএলটিএস (IELTS) স্কোরের প্রয়োজন হবে না।
মূলত ১৮ থেকে ২৯ বছর বয়সী তরুণদের জন্য ডিজাইন করা ৮ সপ্তাহের এই আন্তর্জাতিক অনলাইন প্রোগ্রামে হার্ভার্ডসহ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সরাসরি ক্লাস নিয়ে থাকেন।
২০১৭ সালে হার্ভার্ড বিজনেস স্কুলের শিক্ষকদের হাত ধরে শুরু হওয়া এই উদ্যোগটি পূর্বে ‘ক্রসরোডস ইমার্জিং লিডারস’ নামে পরিচিত ছিল, যা বর্তমানে ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত। এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়। আবেদনকারীদের অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হতে হবে অথবা স্নাতক (গ্র্যাজুয়েশন) সম্পন্ন হতে হবে। কোনো প্রাতিষ্ঠানিক ইংরেজি সার্টিফিকেট বা আইইএলটিএস স্কোর না লাগলেও আবেদনকারীদের উচ্চমাধ্যমিক পর্যায়ের ইংরেজি জ্ঞান থাকা বাধ্যতামূলক।
বিশেষ করে, পরিবারের প্রথম ব্যক্তি (First-generation college student) হিসেবে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন, তারা এই বৈশ্বিক প্রোগ্রামে আবেদনের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন।
চূড়ান্তভাবে নির্বাচিত অংশগ্রহণকারীরা এই প্রোগ্রামের মাধ্যমে বিশ্বমানের একাডেমিক ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্সে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন ব্যবহারিক দক্ষতা-নির্মাণ কর্মশালায় (Skill-building workshops) যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া উচ্চশিক্ষার জন্য আর্থিক অনুদান, নিজস্ব সৃজনশীল আইডিয়া বাস্তবায়নে প্রয়োজনীয় প্রজেক্ট অর্থায়ন এবং বিশ্বজুড়ে মেধাবী তরুণ-তরুণীদের সঙ্গে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার মতো আকর্ষণীয় সুবিধাও থাকছে এখানে।
বাংলাদেশি তরুণদের ক্যারিয়ার উন্নয়ন ও ভবিষ্যৎ আন্তর্জাতিক নেতৃত্বদানে প্রস্তুত করতে এই প্রোগ্রামটি বিশ্ব পরিমণ্ডলে একটি দারুণ ও যুগোপযোগী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
