নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের নব নির্বাচিত কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য ও আনন্দঘন “এ্যাপ্রিসিয়েশন ডিনার” অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় উডসাইডের গুলশান টেরেসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের সদস্যদের পাশাপাশি নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিবার-পরিজন নিয়ে অংশ নেন। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, আন্তরিকতা, আনন্দ ও উচ্ছ্বাস।

অনুষ্ঠানে আগত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় গুলশান টেরেস। দীর্ঘদিন পর অনেকেই একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করেন এবং নব নির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান। উপস্থিত অতিথিরা নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের শুরুতেই পুনরায় নির্বাচিত সভাপতি জেএফএম রাসেল এবং সেক্রেটারি (ইলেক্ট) মাসুদ রানা তপন আগত সকল অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান। তারা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে ক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের বহুল আলোচিত নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জেএফএম রাসেল, এমজেএফ এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মাসুদ রানা তপন। একইসঙ্গে সর্বোচ্চ ভোট পেয়ে ডিরেক্টর নির্বাচিত হয়েছেন মফিজুর রহমান।
নির্বাচনকে কেন্দ্র করে নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হলে বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
ভাইস প্রেসিডেন্ট পদে একাধিক প্রার্থী জয়ী হয়েছেন। তারা হলেন লায়ন মোঃ রুহুল আমীন ও লায়ন মোহাম্মদ জসীম। জয়েন্ট সেক্রেটারি এডমিন পদে লায়ন মোঃ এবি সিদ্দিক। সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন লায়ন তমাল হোসেন।
বিভিন্ন ডিরেক্টর পদেও প্রতিদ্বন্দ্বিতা করছেন সংগঠনের পরিচিত মুখরা। সর্বোচ্চ ভোট পেয়ে ডিরেক্টর নির্বাচিত হয়েছেন মফিজুর রহমান। আরো যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন লায়ন নার্গিস রহমান, লায়ন শাহ জে. চৌধুরী, লায়ন বেলাল আহমেদ, লায়ন আরিফ চৌধুরী, লায়ন আবুল কাশেম চৌধুরী, লায়ন মাহমুদুল হাসান, লায়ন শাহনাজ হোসেন, লায়ন মোহাম্মদ হোসেন (আজাদ), লায়ন কৃষ্ণা তিথি, লায়ন মোঃ সুমন মাহমুদ, লায়ন আসাদুর রহমান, লায়ন এটিএম হেলালুর রহমান, লায়ন জেইজি ইয়াসমিন ও মোহাম্মদ এ জামান এবং লায়ন শাহ শহিদুল হক।
অন্যদিকে কয়েকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন একাধিক সদস্য। এর মধ্যে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট পদে লায়ন মোহাম্মদ মশিউর রহমান মজুমদার, ট্রেজারার পদে লায়ন এএসএম মঈন উদ্দিন পিন্টু, প্রেস সেক্রেটারি লায়ন রেদওয়ানা রাজ্জাক, মেম্বরশিপ চেয়ারপারসন মোহাম্মদ এন হায়দার, জয়েন্ট সেক্রেটারি প্রজেক্ট লায়ন মোস্তফা অনিক রাজ, টেইল টুইস্টার জয় জাহাঙ্গীর, লায়ন টেমার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ক্লাব সার্ভিস চেয়ারপারসন আব্দুর রশিদ বাবু, এলসিআইএফ কো-অর্ডিনেটর মোহাম্মদ জাকির হোসেন, মার্কেটিং চেয়ারপারসন মোঃ বদরুদ্দোজা সাগর ও যুগ্ন কোষাধ্যক্ষ পদে লায়ন চৌধুরী মোহাম্মদ আজিজ।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন লায়ন আমেনা নাওয়াজ, লায়ন মুহাম্মদ সাঈদ, লায়ন রকি আলিয়ান, লায়ন মোহাম্মদ আলী ও লায়ন নুরুল আজিম।
সভাপতি জেএফএম রাসেল তার বক্তব্যে বলেন, “লায়ন্স ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি মানবসেবার একটি প্ল্যাটফর্ম। আমরা সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। কমিউনিটির মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে যাওয়ার মূল শক্তি। নতুন কমিটি সকলকে সঙ্গে নিয়ে আরও বড় পরিসরে কাজ করবে।”
তিনি আরও বলেন, “আজকের এই এ্যাপ্রিসিয়েশন ডিনার মূলত আমাদের সদস্য, শুভানুধ্যায়ী এবং কমিউনিটির মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি ছোট্ট প্রয়াস। সবাই যেভাবে আমাদের পাশে থেকেছেন, তাতে আমরা সত্যিই অনুপ্রাণিত।”
সেক্রেটারি (ইলেক্ট) মাসুদ রানা তপন তার বক্তব্যে বলেন, “কমিউনিটির ঐক্য ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্য নিয়েই আমরা কাজ করতে চাই। আজকের অনুষ্ঠানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাব কমিউনিটির মানুষের হৃদয়ের খুব কাছের একটি সংগঠন।”
তিনি আরও বলেন, “আমরা চাই নতুন প্রজন্মকেও এই ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বিভিন্ন সেবামূলক ও কমিউনিটি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।”
ডিনারের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, সঙ্গীত এবং আনন্দঘন আড্ডা। অতিথিরা সুস্বাদু খাবারের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল সৌহার্দ্য, সম্প্রীতি এবং পারস্পরিক ভালোবাসার এক উজ্জ্বল চিত্র।
আয়োজকরা জানান, নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে মূলত ক্লাবের সদস্য, শুভানুধ্যায়ী এবং কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যেই এই এ্যাপ্রিসিয়েশন ডিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য উপস্থিত অতিথিরাও আয়োজকদের ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে নব নির্বাচিত কমিটির সদস্যরা কমিউনিটির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
