নিউ ইয়র্কের ফুটবল প্রেমীদের জন্য দারুণ খবর! এবার পানির দামে বিশ্বকাপের টিকেট পাওয়ার সুযোগ দিচ্ছে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ। লটারির মাধ্যমে মাত্র ৫০ ডলার খরচ করে গ্যালারিতে বসে সরাসরি খেলা দেখা যাবে।
আগামী ২৫ মে সকাল ১০টা থেকে এই লটারির আবেদন শুরু হবে। আবেদনের এই সুযোগ থাকবে টানা ৬ দিন। প্রতিদিন সর্বোচ্চ ৫০ হাজার জন লটারিতে অংশ নিতে পারবেন। নিউ ইয়র্ক সিটির ১৫ বছর বা তার বেশি বয়সী বাসিন্দারা এই লটারিতে অংশগ্রহণের যোগ্য। প্রত্যেক যোগ্য ব্যক্তি প্রতিদিন একবার করে আবেদনের সুযোগ পাবেন। নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি তার ইনস্টাগ্রামে এ লটারি জেতার বিস্তারিত একটি ভিডিও প্রকাশ করেছেন।
লটারিতে বিজয়ীদের আগামী ৩ জুন ই-মেইলের মাধ্যমে ফলাফল জানানো হবে। ই-মেইল পাওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে টিকেট কিনে নিতে হবে। একজন বিজয়ী সর্বোচ্চ দুটি টিকেট কিনতে পারবেন। তবে এই টিকেট অন্য কারো কাছে হস্তান্তর করা যাবে না। খেলার দিন বিজয়ীকে সশরীরে উপস্থিত থেকে সঙ্গে করে নিজের টিকেট সংগ্রহ করতে হবে।
এই লটারি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন regnyctix.com ওয়েবসাইটটি।
