ঈদকে ঘিরে আবারও জমজমাট তারকাবহুল অনুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় উপস্থাপক অলিভ আহমেদ। দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি-র এবারের ঈদ আয়োজনে থাকছে বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠান ঈদ আনন্দ রঙ, যেখানে উপস্থাপনায় থাকছেন তিনি।
জানা গেছে, ঈদের বিশেষ এই অনুষ্ঠানে অংশ নেবেন আমেরিকারয় বসবাসরত শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী, সংগীতশিল্পী এবং বিভিন্ন অঙ্গনের তারকারা। ঈদের আনন্দ, আড্ডা, গান ও নানা স্মৃতিচারণে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠানটি। দর্শকদের জন্য থাকছে ভিন্নধর্মী পরিবেশনা ও চমক।
গত রোজার ঈদের সফলতার পর এবারও প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলা হয়েছে। উপস্থাপক অলিভ আহমেদ জানান, দর্শকদের জন্য ব্যতিক্রম কিছু উপহার দিতেই তাদের এই আয়োজন। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতেই বিশেষ এই অনুষ্ঠান নির্মাণ করা হয়েছে।
এর আগে গত রোজার ঈদে তার উপস্থাপনায় প্রচারিত অনুষ্ঠান দর্শকমহলে ব্যাপক প্রশংসা পেয়েছে। ফলে এবারের ঈদ অনুষ্ঠান নিয়েও দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন থেকে ধারাবাহিকভাবে প্রচারিত হবে এই বিশেষ অনুষ্ঠান। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দঘন মুহূর্তে অনুষ্ঠানটি দর্শকদের বাড়তি বিনোদন দেবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।
