নিউ ইয়র্ক স্টেট এসেম্বলির ডিস্ট্রিক্ট ৩২ নির্বাচনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী মোহাম্মদ মোল্লা। কুইন্সের জ্যামাইকা, সাউথ জ্যামাইকা ও রচডেল ভিলেজসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলো নিয়ে গঠিত এই ডিস্ট্রিক্টে তিনি ইতোমধ্যেই কমিউনিটির বিভিন্ন মহলে আশার প্রতীক হিসেবে উঠে আসছেন।
দীর্ঘদিন ধরে ডিস্ট্রিক্ট ৩২ থেকে প্রতিনিধিত্ব করে আসা ডেমোক্র্যাট আইনপ্রণেতা ভিভিয়ান কুক এবার আর নির্বাচনে অংশ নিচ্ছেন না। ফলে আসন্ন নির্বাচনে নতুন নেতৃত্ব নিয়ে ভোটারদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
স্থানীয় কমিউনিটির অনেকে মনে করছেন, মোহাম্মদ মোল্লার প্রার্থিতা দক্ষিণ এশীয় ও বিশেষ করে বাংলাদেশি আমেরিকানদের রাজনৈতিক অংশগ্রহণে নতুন মাত্রা যোগ করবে। শিক্ষা, কমিউনিটি উন্নয়ন, কর্মসংস্থান ও অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ইতোমধ্যেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুইন্সের বহুজাতিক ভোটব্যাংকে নতুন প্রজন্মের নেতৃত্বের চাহিদা বাড়ছে। সেই বাস্তবতায় মোল্লার প্রচারণা ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলছে বলে ধারণা করা হচ্ছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা চারজন সকলেই একই কমিউনিটির হওয়ায় তাদের ভোট ভাগাভাগি হবে। ফলে মোহাম্মদ মোল্লা মুসলিম কমিউনিটি তথা দক্ষিণ এশিয়ার একমাত্র প্রার্থী হিসেবে আশার আলো দেখছেন।
আগামী নির্বাচনে ডিস্ট্রিক্ট ৩২-এ কে শেষ পর্যন্ত বিজয়ী হন, তা সময়ই বলে দেবে। তবে এখন থেকেই মোহাম্মদ মোল্লাকে ঘিরে কমিউনিটিতে আলোচনা ও প্রত্যাশা বাড়ছে বলেই মনে করছেন অনেকে।
