নিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে মসজিদের ভেতর ধর্ষণের অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে উপজেলার রামদী ইউনিয়নে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
গ্রেপ্তার হওয়া ইমামের নাম মাহবুব ওরফে মাহবুল্লাহ (২৩)। তিনি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার খলিশাপুর এলাকার বাসিন্দা। প্রায় এক মাস আগে তিনি রামদী ইউনিয়নের ওই মসজিদে ইমাম হিসেবে যোগ দিয়েছিলেন।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার দুপুরে ওই শিশুটি তার বাড়ি থেকে মসজিদের ইমামের জন্য খাবার নিয়ে এসেছিল। শিশুটিকে একা পেয়ে মসজিদের ভেতরেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।
পরবর্তী সময়ে ভুক্তভোগী শিশুটির মাধ্যমে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওই ইমামকে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ইমামকে আটক করে থানায় নিয়ে যায়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আক্রান্ত শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার তীব্রতা বিবেচনা করে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী অপরাধীর বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করা হবে।
