নিজস্ব প্রতিনিধি : সারাদেশে হামের মারাত্মক প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় ‘ফৌজদারি অবহেলা’র অভিযোগ তুলে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ তাঁর আমলের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ রবিবার (১৭ মে, ২০২৬) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই জনস্বার্থমূলক রিটটি করেন।
রিটে ড. ইউনূস ছাড়াও সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী এবং মোস্তফা সরয়ার ফারুকীসহ মোট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
রিটকারীর অভিযোগ, আড়াই দশকের বেশি সময় ধরে চলমান রাষ্ট্রীয় হামের টিকাদান কর্মসূচি বাতিলে অন্তর্বর্তী সরকারের অদূরদর্শী সিদ্ধান্ত ও টিকাদান ব্যবস্থাকে ব্যক্তিমালিকানাধীন বা প্রাইভেট খাতে দেওয়ার অশুভ প্রচেষ্টার কারণেই আজ দেশে মহামারি আকার ধারণ করেছে হাম। বর্তমানে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং হাজার হাজার শিশু হাসপাতালে ধুঁকছে। পর্যাপ্ত বাজেট থাকা সত্ত্বেও কেন টিকা কেনা হয়নি, তা তদন্তের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে রিটে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এর আগে গত ৬ এপ্রিল একই বিষয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। সেই নোটিশের কোনো জবাব না পাওয়ায় আজ এই রিট আবেদন করা হয়।
আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলাম জানান, তদন্ত চলাকালীন অভিযুক্তরা যাতে দেশত্যাগ করতে না পারেন, সেজন্যই এই নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। দেশের শিশুদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই ভয়াবহ স্বাস্থ্য সংকটের পেছনের দায়ীদের চিহ্নিত করতে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
