নিজস্ব প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকার একটি বাড়ি থেকে এই বিপুল পরিমাণ চাল উদ্ধার করা হয়।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. আবদুস সামাদ ওরফে ডাক্তার সামাদ। তিনি স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির হিসেবে পরিচিত।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে সরকারি চাল অবৈধভাবে মজুদ করে রাখা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে সেখানে ভিড় করেন এবং একটি কক্ষে সরকারি লোগোযুক্ত চালের বস্তা দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৯৯ বস্তা চাল উদ্ধার করে চরজব্বার ইউনিয়ন পরিষদে নিয়ে যান। অভিযুক্ত আবদুস সামাদ অবশ্য অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাঁর ভাই একজন ডিলার এবং নূরানী মাদরাসার বরাদ্দের চাল কিনে এনে বাড়িতে রাখা হয়েছিল।
সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান জানান, অভিযোগের ভিত্তিতে চালগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চালের বিপরীতে কোনো বৈধ কাগজপত্র আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
