লেখকঃ আনিস আলমগীর
গতকাল তো খবরটা সবাই জেনে গেছেন- লন্ডনভিত্তিক ল ফার্মের মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়ে শেখ হাসিনা জানতে চেয়েছেন, পাসপোর্ট-এনআইডি বাতিল হলে নতুন করে পাওয়ার উপায় কী। সরাসরি পাসপোর্ট এনআইডি ফিরে পাওয়ার আবেদন এখনো হয়নি। কিন্তু আসল নাটক তো শুরু হলো এর পরের প্রতিক্রিয়াগুলো নিয়ে! খোদ সংসদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকানোর জন্য দোয়া-মোনাজাত পর্যন্ত হয়ে গেল!
আবেদন না করে স্রেফ একটা ‘পরামর্শের চিঠি’ পাঠানোর পর সরকার আর রাজনৈতিক অঙ্গনে যে ফলোআপ পরিস্থিতি তৈরি হয়েছে, তার একটা ব্যবচ্ছেদ করা যাক:
১. মোনাজাত থেকে হাঁটুকাঁপা প্রতিক্রিয়া!
চিঠি আসার খবর শোনার পর থেকেই সরকারের ভেতর যে অতি-তপ্ররতা বা ‘নি-জার্ক রিঅ্যাকশন’ দেখা গেছে, তা বেশ অবাক করার মতো। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় কমিটির বৈঠকে আলোচনায় আসলো বিষয়টি। আর পরিস্থিতি এমন এক পর্যায়ে গেল যে, শেখ হাসিনার ফেরা ঠেকাতে খোদ সংসদে মোনাজাত পর্যন্ত ধরে ফেলা হলো! ওদিকে ঢাকা শহরের বাতাসেও একধরনের থমথমে ভাব, মানুষের মনে দুরুদুরু ভয়- কখন কী হয়! এখানে সেখানে ককটেল ফুটেছে। প্রশ্ন হলো, স্রেফ একটা চিঠি নিয়ে প্রশাসনের মাঝে এই লেভেলের প্যানিক কেন?
১. চিঠির আসল রহস্য (আবেদন নয়, স্রেফ তথ্য চাওয়া):
আসলে রয়টার্স ও এপি-র খবরে বলা হলেও, এটি কোনো পাসপোর্টের সরাসরি আবেদন ছিল না। কোনো ফরম, ছবি বা ৮,১০০ রুপি ফি জমা দেওয়া হয়নি। ল ফার্মের আইনজীবীরা শুধু জানতে চেয়েছেন- বাতিল হওয়া পাসপোর্ট ও এনআইডির জায়গায় নতুন কিছু পেতে হলে কী কী আনুষ্ঠানিকতা মানতে হবে।
১. আইনি ও রাজনৈতিক সমীকরণ:
১৯৭৩ সালের পাসপোর্ট আদেশ অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামিকে পাসপোর্ট দেওয়ার প্রশ্নই ওঠে না। সরকার আগেই পরিষ্কার করে দিয়েছে, তিনি ফিরতে চাইলে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু কোনো ফর্মাল আবেদনই করা হয়নি, তাই আইনি বা কূটনৈতিক কোনো লড়াইয়েও কেউ এগিয়ে নেই। বিএনপি সরকার বেশ আরামেই বলতে পারে, “আমরা তো ফ্রি-তে আইনি পরামর্শ দিয়েছি!” তবে জোকারকে দিয়ে বিশ্রী অট্টহাসি মার্কা প্রতিক্রিয়া না দেওয়া ভালো।
১. পিআর গেমেই বাজিমাত:
সব মিলিয়ে, মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ সমর্থকরা এই একটিমাত্র চিঠি দিয়েই দারুণ এক জনসংযোগ (PR) বা মনস্তাত্ত্বিক চাল খেলে দিয়েছে। ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, টকশো- পুরোটাই দখলে ছিল শেখ হাসিনার খবর। বড় কোনো আইনি মারপ্যাচ ছাড়াই স্রেফ একটা চিঠির জোরে প্রশাসনের ঘুম হারাম করে দেওয়া এবং নিজেদের সমর্থকদের ভেতর চাঙ্গা ভাব ফিরিয়ে আনা- নিঃসন্দেহে বেশ নিখুঁত এক কৌশল।
১. শেষ কথা:
সরকার নিজের জায়গায় যথেষ্ট শক্ত অবস্থানেই রয়েছে, ফলে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে স্বীকার করতেই হবে, স্রেফ এক টুকরো চিঠির খোঁচায় রাজনীতির পারদ যেভাবে চড়েছে, তাতে ফলোআপ রাউন্ডে আপাতদৃষ্টিতে পয়েন্ট তুলে নিয়েছে ওই পক্ষটিই!
দেখা যাক ডিসেম্বরে কী হয়!
