নিজস্ব প্রতিনিধি :
গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার এক রোমহর্ষক ও নৃশংস ঘটনা ঘটেছে । আজ শনিবার (৯ মে) ভোররাতে উপজেলার রাউৎকোনা গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে । নিহতদের মধ্যে গৃহকর্তার তিন সন্তান, তাঁর স্ত্রী এবং শ্যালক রয়েছেন বলে জানা গেছে ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে শোবার ঘরের মেঝেতে তিনটি শিশু, একজন নারী ও এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন । মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয় । ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ ভিড় জমান এবং পুলিশে খবর দেওয়া হয় ।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার পর অভিযুক্ত ফোরকান মিয়া নিজেই তাঁর ভাইকে টেলিফোনে হত্যাকাণ্ডের বিষয়টি জানিয়েছেন । প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কোনো কলহের জেরে ফোরকান মিয়াই তাঁর স্ত্রী, তিন সন্তান এবং শ্যালককে নির্মমভাবে জবাই করে হত্যা করেছেন ।
ঘটনার পর থেকেই অভিযুক্ত ফোরকান মিয়া পলাতক রয়েছেন । পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে বিশেষ অভিযান চালাচ্ছে । একই পরিবারের পাঁচজনের এমন করুণ মৃত্যুতে পুরো কাপাসিয়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে ।
