নিজস্ব প্রতিনিধি :
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এই আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা। ।
বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন মামলার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে এই বিষয়ে আদেশ পরে দেবেন বলে অপেক্ষমাণ রেখেছেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ড. রেজওয়ানা হাসান এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ সংশ্লিষ্ট আরও ১৬ জন। ।
উল্লেখ্য যে, ২০২৫ সালের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ মোট ৩৬ জন প্রাণ হারান, যাঁদের মধ্যে ২৮ জনই ছিলেন ওই স্কুলের শিক্ষার্থী। সেই দুঃসহ ঘটনার বিচার বিভাগীয় জবাবদিহিতার লক্ষ্যেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
