নিজস্ব প্রতিনিধি :
চলতি বছরের এপ্রিল মাসে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার চিত্র গভীর উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এ মাসে মোট ২২০ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এই পরিসংখ্যান দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির অবনতির একটি স্পষ্ট ইঙ্গিত বহন করে।
প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসে মোট ২২০ জন নির্যাতনের শিকার হয়েছেন, যার মধ্যে ৮৭ জন কন্যাশিশু এবং ১৩৩ জন নারী। এ মাসে ধর্ষণের শিকার হয়েছেন মোট ৫৮ জন, যাদের মধ্যে ৩২ জন কন্যা এবং ২৬ জন নারী। এছাড়া দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন আরও ১৭ জন। অত্যন্ত নৃশংস বিষয় হলো, ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ৩ জন, যার মধ্যে একজন কন্যাশিশু রয়েছে।
এপ্রিল মাসে হত্যার শিকার হয়েছেন মোট ৫৭ জন, যার মধ্যে ১৬ জন কন্যা ও ৪১ জন নারী। এছাড়া ১৯ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে এবং ১৩ জন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। যৌতুকের কারণে ২ জনকে হত্যা করা হয়েছে এবং গৃহকর্মী হিসেবে কর্মরত ২ জন নারী ও কন্যাশিশুও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অপহরণ ও শারীরিক নির্যাতনের ঘটনাও ছিল আশঙ্কাজনক।
বাংলাদেশ মহিলা পরিষদের এই প্রতিবেদনটি নারী ও কন্যাশিশুর নিরাপত্তার মারাত্মক ঝুঁকির বিষয়টি ফুটিয়ে তুলেছে। ধর্ষণ, হত্যা, যৌতুক ও সাইবার সহিংসতার মতো বহুমাত্রিক অপরাধ একটি গভীর সামাজিক সংকটের প্রতিফলন। এই ভয়াবহ পরিস্থিতি প্রতিরোধে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি।
