নিজস্ব প্রতিনিধি :
দেশের কারাগারগুলো থেকে পালিয়ে যাওয়া এবং জামিন পাওয়ার পর আত্মগোপনে থাকা জঙ্গিদের নিয়ে এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক পরিসংখ্যানে। তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্টে জেল ভেঙে পালানো জঙ্গিদের মধ্যে ৯ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ মোট ৭৯ জনকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দীর্ঘদিনেও এসব দুর্ধর্ষ অপরাধীদের আইনের আওতায় আনতে না পারায় জননিরাপত্তা নিয়ে জনমনে গভীর শঙ্কা তৈরি হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে ১ হাজার ৬১১ জন তালিকাভুক্ত জঙ্গি রয়েছে, যাদের একটি বড় অংশ বিভিন্ন সময়ে জামিনে মুক্তি পেয়েছে। পরিসংখ্যানে দেখা যায়, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১ হাজার ২৩১ জন এবং সেপ্টেম্বর ২০২৪ থেকে জুলাই ২০২৫ পর্যন্ত নতুন করে আরও ৩৮০ জন জঙ্গি জামিন লাভ করে। উদ্বেগের বিষয় হলো, সাম্প্রতিক সময়ে জামিন পাওয়া ৩৮০ জনের মধ্যে ১১৪ জন আদালত থেকে মুক্তি পাওয়ার পর আর হাজিরা দিতে আসেননি এবং তারা বর্তমানে কোথায় আছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
জামিন পাওয়া ৩৮০ জন জঙ্গির সাংগঠনিক পরিচয় বিশ্লেষণ করে দেখা গেছে, এর মধ্যে সর্বোচ্চ ৬৮ জন জেএমবি এবং ১৫ জন জেএএফএইচএস-এর সদস্য। এছাড়া তালিকায় আনসার আল ইসলামের ৭ জন, এবিটি-র ৪ জন, নব্য-জেএমবি-র ৬ জন, হিযবুত তাহরীর-এর ৬ জন এবং ২৬৫ জন নাম উল্লেখহীন বিভিন্ন সংগঠনের সদস্য রয়েছেন। ইমাম মাহমুদের কাফেলা ও হুজির ৪ জন করে সদস্যও এই নিখোঁজ তালিকায় অন্তর্ভুক্ত।
বর্তমানে সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন মামলায় অভিযুক্ত অন্তত ৩৭০ জন জঙ্গি ধরাছোঁয়ার বাইরে রয়েছে। অন্যদিকে, গত জুন পর্যন্ত দেশের ১৬টি কারাগারে মাত্র ১৬২ জন জঙ্গি বন্দি অবস্থায় আছেন, যার মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৯ জন এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৪৬ জন রয়েছেন। ডিএমপির সিটিটিসি প্রধান মুনশী শাহাবুদ্দীন জানিয়েছেন, পলাতক জঙ্গিদের বিষয়ে তথ্য পাওয়া গেছে এবং তাদের গ্রেপ্তারে কাজ চলছে।
