নিজস্ব প্রতিনিধি : দেশের চলমান জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকার ও ছাত্রদলের তীব্র সমালোচনা করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, সরকার তার প্রশাসনিক ব্যর্থতা আড়াল করতেই ছাত্রদলের মতো লাঠিয়াল বাহিনীর হাতে অস্ত্র তুলে দিয়ে ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করছে।
সাদিক কায়েম তাঁর স্ট্যাটাসে উল্লেখ করেন, বর্তমান সরকার যখন জ্বালানি ব্যবস্থাপনা, কূটনৈতিক সম্পর্ক ও দেশের অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে চরমভাবে ব্যর্থ হয়েছে, তখন সেই ব্যর্থতা থেকে জনদৃষ্টি সরাতেই ছাত্রদলকে লেলিয়ে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, ক্যাম্পাসে রামদা ও চাপাতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হচ্ছে এবং ভুয়া স্ক্রিনশট ব্যবহার করে পরিকল্পিতভাবে অপপ্রচার ও শিক্ষার্থীদের হত্যার চেষ্টা করা হচ্ছে।
ঘটনার বিস্তারিত বিবরণে ভিপি সাদিক জানান, একটি উদ্দেশ্যপ্রণোদিত ফেসবুক স্ক্রিনশটকে কেন্দ্র করে ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়, যা পরবর্তীতে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মে ভুয়া বলে প্রমাণিত হয়েছে। এই অপপ্রচারের বিচার ও নিজেদের নিরাপত্তা চাইতে শাহবাগ থানায় গেলে ছাত্রশিবিরের প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ ও উবায়দুর রহমান হাসিবসহ ডাকসু ও হল সংসদের একাধিক নেতার ওপর ছাত্রদল হামলা চালায়। হামলায় মুসাদ্দিক, জুবায়ের, আলভি ও সালমাসহ বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
শিক্ষাঙ্গনে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা সাংবাদিকদের ওপর হামলার বিষয়টিও তিনি কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্তত ১৬ জন ক্যাম্পাস সাংবাদিককে ছাত্রদল শারীরিকভাবে হেনস্তা ও নির্যাতন করেছে। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের কাছে সাহায্য চেয়েও কোনো কার্যকর সাড়া মেলেনি, যা পুরো বিষয়টিকে একটি পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র হিসেবেই ইঙ্গিত দেয়।
পরিশেষে সাদিক কায়েম সরকারের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, ছাত্রদলের এই বেপরোয়া কর্মকাণ্ড অদূর ভবিষ্যতে তাদের বিরুদ্ধেই বুমেরাং হবে। বর্তমান প্রজন্ম ক্যাম্পাসে কোনো ধরনের কর্তৃত্ববাদী, অস্ত্রনির্ভর বা মাস্তানিনির্ভর রাজনীতি কোনোভাবেই মেনে নেবে না।

