নিজস্ব প্রতিবেদক, রংপুর : সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননাকর ভিডিও তৈরির অভিযোগকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জে আবারও সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চক করিম (তেলিপাড়া) গ্রামে এই তাণ্ডব চালানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে নতুন করে সহিংসতা এড়াতে পুরো এলাকায় শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করে সতর্ক অবস্থান নিয়েছে প্রশাসন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চক করিম গ্রামের বাসিন্দা বিশু চন্দ্র মহন্তর ছেলে সৌরভ চন্দ্র মহন্তর (২২) বিরুদ্ধে সম্প্রতি ফেসবুকে ইসলাম ধর্মকে কটাক্ষ ও ব্যঙ্গ করে ভিডিও বানানোর অভিযোগ ওঠে। সোমবার বিকেলে এ খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ ও উত্তেজনা দানা বাঁধে। মাগরিবের নামাজের পরপরই একদল ক্ষুব্ধ লোক সংঘবদ্ধ হয়ে ওই গ্রামের সংখ্যালঘু পল্লীতে ঢুকে অতর্কিত হামলা চালায় এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে।
হামলায় ক্ষতিগ্রস্ত বাসিন্দা জগদীশ চন্দ্র মহন্ত জানান, মাগরিবের নামাজের ঠিক পর পরই একদল লোক লাঠিসোঁটা নিয়ে তাদের বাড়িতে চড়াও হয়। সে সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় অন্ধকারের সুযোগ নিয়ে নির্বিচারে ভাঙচুর চালানো হয়। আরেক বাসিন্দা দীনেশ চন্দ্র মহন্ত জানান, হামলাকারীরা ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। হঠাৎ এই সশস্ত্র হামলার ঘটনায় পুরো গ্রামের নারী ও শিশুদের মধ্যে চরম ভীতি ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো ব্যক্তি অপরাধ করলে তার বিচার প্রচলিত আইনে হবে, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে বাড়িঘরে হামলার সুযোগ নেই। সিসিটিভি ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
