নিজস্ব প্রতিনিধি : বিকেলে জামিন নামঞ্জুর হওয়ার পর শিশুসহ কারাগারে যাওয়ার সংবাদে দেশজুড়ে তোলপাড় শুরু হলে, কয়েক ঘণ্টার ব্যবধানে শেষ পর্যন্ত জামিন পেলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে দ্বিতীয় দফায় শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান ৫ হাজার টাকা মুচলেখায় তাঁর জামিন মঞ্জুর করেন।
এর আগে বিকেলে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন নামঞ্জুর করেছিলেন। তখন দেড় মাসের শিশু কাইফা ইসলাম সিমরানকে বুকে নিয়ে সিজারিয়ান বেল্ট পরা অবস্থায় কাঁদতে কাঁদতে শিল্পীর কারাগারে যাওয়ার দৃশ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। মানবিক এই বিপর্যয় নিয়ে চারদিকে ব্যাপক সমালোচনা ও আলোচনার প্রেক্ষিতে রাতে পুনরায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক শিক্ষার্থীর বাসায় হামলা, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের অভিযোগে গত ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় এই মামলাটি করা হয়েছিল। সোমবার সন্ধ্যায় পুলিশ নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করে। প্রাথমিক তদন্তে আন্দোলন দমনে তাঁর সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে পুলিশ তাঁকে জেলহাজতে রাখার আবেদন জানিয়েছিল।
শিল্পীর আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির ১ মাস ১৬ দিনের শিশু এবং তাঁর শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত পুলিশ রিপোর্ট না দেওয়া পর্যন্ত এই জামিন দিয়েছেন। এর আগে বিকেলে জামিন না হওয়ায় আদালতের বারান্দায় বসে শিশুকে দুধ খাওয়ানো এবং হাজতখানায় কান্নারত শিল্পীর আকুতি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সহানুভূতির সৃষ্টি করেছিল।
