নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ হাসান মেহেদী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫৬ বছর।
মরহুম শেখ হাসান মেহেদী স্ত্রী, চার ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাদ যোহর কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হবে।
রাজনৈতিক সহকর্মীরা জানান, শেখ হাসান মেহেদী ছিলেন অত্যন্ত বিনয়ী, মিষ্টভাষী ও ভদ্র স্বভাবের একজন নেতা। ছাত্ররাজনীতি থেকে উঠে এসে তিনি জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন।
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ব্যক্তিবর্গ পৃথক পৃথক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেছেন।
