ফোরটিন ডেস্ক : দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং আট দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল রোববার (২৯ নভেম্বর) ও সোমবার (৩০ নভেম্বর) সারা দেশে ৪৮ ঘণ্টার ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গত ১৯ নভেম্বর ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে অনলাইন ও মাঠপর্যায়ে এই কর্মসূচির প্রচারণা চালানো হচ্ছে। এদিকে, লকডাউনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়েছে; সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা ঠেকাতে রাজধানী ঢাকাসহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গোপালগঞ্জের পাঁচ উপজেলায় একযোগে মশাল মিছিল
লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে গতকাল শুক্রবার সন্ধ্যার পর গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় একযোগে এসব মিছিল বের করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় জড়ো হয়ে নেতাকর্মীরা মশাল মিছিলসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টহল গাড়ির সামনেই মিছিলকারীদের স্লোগান দিতে দেখা গেলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ছাড়া কোটালীপাড়া দলীয় কার্যালয়ের সামনে এবং টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় মশাল মিছিল করে নেতাকর্মীরা আট দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান। আজ শনিবারও বিভিন্ন স্থানে মিছিলের কর্মসূচি রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা ও বিজিবি মোতায়েন
নভেম্বরের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটে ২৯ ও ৩০ নভেম্বরের লকডাউন ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে সরকার। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ ছয়টি জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিশেষ করে সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল এবং চট্টগ্রাম ও কক্সবাজারের গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পাশাপাশি সীমান্ত দিয়ে অস্ত্র ও বিস্ফোরক অনুপ্রবেশ ঠেকাতে দেশের ৩০টি সীমান্তবর্তী জেলায় পুলিশকে বিশেষ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সমন্বয়ে মাঠপর্যায়ে টহল বাড়ানোর পাশাপাশি সদর দপ্তরের নজরদারি সেল থেকে ড্রোন, সিসিটিভি এবং বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নিরপরাধ কোনো মানুষকে হয়রানি না করে গণতান্ত্রিক, রাজনৈতিক ও আইনি প্রক্রিয়ায় যেকোনো ধরনের অবৈধ ও নাশকতামূলক কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করবে সরকার।
