নোয়াখালীর সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্ব ও পারিবারিক বিরোধের জেরে মো. সেলিম (৫০) নামে এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গৌরিপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সেলিম স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি এবং পেশায় একজন চা দোকানি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সেলিমের ছেলে অন্তরের সঙ্গে এলাকার সজল, শাওন ও ফাহাদসহ কয়েকজন কিশোরের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে মোবাইলে বাগবিতণ্ডার জেরে সন্ধ্যায় সজল ও তার সহযোগীরা সেলিমের বাড়িতে হামলা চালায়। ইট-পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হলে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়।
ছেলের ওপর হামলা হতে দেখে নিজের দোকান থেকে ছুটে আসেন বাবা সেলিম। দুই পক্ষকে থামাতে এবং সন্তানদের রক্ষা করতে গেলে হামলাকারীরা তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর শুরু করে। মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে সেলিমের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে দ্রুত বিচার চেয়েছে। এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
