আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা এবং দল হিসেবে নিষিদ্ধ করার প্রস্তাবিত আইন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী নিজাম উদ্দিন।
তাঁর মতে, উপযুক্ত আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হওয়া ছাড়া কেবল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে কোনো দলকে নিষিদ্ধ করা আইনত অবৈধ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংসদ যদি এই অর্ডিন্যান্স বা অধ্যাদেশ অনুমোদন করে, তবে তা ইতিহাসের পাতায় ‘হিটলারের রাইখস্টাগ’-এর মতো কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।
আইনজীবী নিজাম উদ্দিনের মতে, আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক দল যেটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে।
এই দলকে নিষিদ্ধ করার চেষ্টা রাজনৈতিক অঙ্গনে ১৫ই আগস্ট বা ২১শে আগস্টের মতোই আরেকটি গভীর ক্ষত সৃষ্টি করবে। তিনি অভিযোগ করেন, অতীতে যারা নিষিদ্ধ হয়েছিল, তারাই মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পেছনে কলকাঠি নাড়ছে। তাদের উদ্দেশ্য হলো ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরে এলে যেন তাদের ওপর একই খড়গ না নামে, সেই ফায়দা লোটা।
তিনি আরও বলেন, মুসোলিনি বা হিটলারের ফ্যাসিস্ট শাসনের নামান্তর হবে এই ধরনের কার্যক্রম। ইতিহাস কাউকে ক্ষমা করে না উল্লেখ করে তিনি মীর জাফরের উদাহরণ টেনে বলেন, আজ যারা এই নিষিদ্ধের প্রক্রিয়ার সাথে জড়িত, ইতিহাস তাদের কঠিন বিচার করবে।
