জবি প্রতিনিধি:গোপালগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বাংলাদেশ ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গোপালগঞ্জে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ বলেন, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে একটি পরিকল্পিত হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে বলে তারা দাবি করে আসছেন। তিনি অভিযোগ করেন, ওই সময় প্রশাসনের অভিযানে নিরীহ সাধারণ মানুষের ওপর হামলা চালানো হয় এবং এতে দীপ্ত সাহা (২৫), রমজান কাজী (১৮), সোহেল মোল্লা (৪১), ইমন (২৪)সহ কয়েকজন নিহত হন।
তিনি আরও বলেন, ১৬ জুলাই গোপালগঞ্জে সংঘটিত পরিকল্পিত হত্যাযজ্ঞে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। রাজনৈতিক মতভেদ যাই থাকুক, মানুষের জীবনহানি কখনো কাম্য নয়। আমরা এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, দায়ীদের বিচারের আওতায় আনা এবং ভবিষ্যতে এমন সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাই।
জবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, গত বছরের ১৬ জুলাই গোপালগঞ্জে আমার নিরীহ ও নিরপরাধ ভাইদের ইউনুস বাহিনী নির্বিচারে হত্যা করেছে বলে আমরা অভিযোগ করে আসছি। সেই দিনের শোকাবহ স্মৃতি আজও আমাদের হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে। সময় পেরিয়ে গেলেও তাদের হারানোর বেদনা আমরা কাটিয়ে উঠতে পারিনি। আমরা নিহতদের হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার দাবি করছি। ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই নিহতদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা রক্ষা করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি।
বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভ মিছিলটি দ্বিতীয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
Comments
