গিটার শেখানো এবং মডেলিং শুটের কথা বলে বাসায় ডেকে নিয়ে ইডেন কলেজের এক ছাত্রীকে পৈশাচিক যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতনের অভিযোগে ২৪-এর জুলাই যোদ্ধা ও তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তুকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এই আদেশ দেন। কারান্তরীণ হওয়ার পর ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিনেত্রী জান্নাতুল তাজরিয়া অরা সংবাদ সম্মেলনে তাঁর ওপর হওয়া পৈশাচিক নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দেন।
ভুক্তভোগী অরা জানান, জাহিদ অন্তু নিজের নতুন প্রজেক্ট এবং পোশাকের ব্যবসার ‘প্রোডাক্ট শুট’-এর কথা বলে তাঁকে বাসায় ডেকেছিলেন। পেশাদার কাজের কথা ভেবে সেখানে গেলে অন্তু রুমের দরজা বন্ধ করে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন। বাধা দিলে তাঁকে বেধড়ক মারধর ও গলা চিপে ধরার মতো ভয়ানক কাণ্ড ঘটান। অরা তাঁর শরীরের জখম দেখিয়ে বলেন, “আমি পালিয়ে আসার চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছি, সে আমাকে পশুর মতো মেরেছে।”
অরা আরও প্রকাশ করেন যে, তাঁদের পরিচয়ের শুরু অনার্স প্রথম বর্ষে গিটার শেখার মাধ্যমে। তখন গিটার শেখানোর নামেই বাসায় ডেকে তাঁকে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করেন অন্তু। পরবর্তীতে বিষয়টি নিয়ে জানাজানি হওয়ার ভয়ে অন্তু তাঁকে বিয়ের প্রতিশ্রুতি এবং প্রেমের সম্পর্কের জালে আবদ্ধ করেন। কিন্তু কিছুদিন পরেই সেই সম্পর্কের কথা অস্বীকার করে বিয়ে করতে অস্বীকৃতি জানান এই গায়ক।
সম্পর্ক ভেঙে যাওয়ার পর অরা নিজের কাজে মনোনিবেশ করলেও অন্তু বারবার বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁকে কাছে ডাকার চেষ্টা করতেন। সর্বশেষ কাজের অছিলায় ডেকে নিয়ে সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি করতে চেয়ে সফল না হওয়ায় অরার ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়। পুলিশ অভিযুক্ত জাহিদ অন্তুকে গ্রেপ্তার করে আদালতে তুললে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠান।
