নিজস্ব প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন কেন্দ্রীয় বিএনপি নেতা মোহাম্মদ এরশাদ খান। মঙ্গলবার দুপুরে রাজধানীর প্রেসক্লাব এলাকায় একটি বাসের ধাক্কায় রিক্সা থেকে ছিটকে পড়ে তিনি এ যাত্রায় রক্ষা পান।
নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করে এরশাদ খান লেখেন, ‘কীভাবে যে বেঁচে গেলাম, সেটাই মাথায় ঢুকতেছে না! মহান আল্লাহ পাক যেন নিজে থেকে রক্ষা করেছেন।’
ঘটনার বিবরণ দিয়ে তিনি জানান, হাইকোর্ট এলাকা থেকে রিক্সাযোগে বন্ধু আহসান হাবিবের সঙ্গে প্রেসক্লাব এলাকায় যাচ্ছিলেন। তারা প্রেসক্লাবের সামনে পৌঁছালে পেছন থেকে একটি বাস তাদের বহনকারী রিক্সাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়।
তিনি আরও লেখেন, ‘বন্ধু হাবিব দ্রুত টেনে না ধরলে হয়তো বাসের চাক্কার নিচে পিষ্ট হতাম।’
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট বাস ও চালকের ছবি তুলে রাখলেও আইনের প্রতি আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, ‘ড্রাইভারের ছবি এবং বাসের নাম্বার দিলাম, তবে বিচার চেয়ে তো কোনো লাভ নেই।’
উল্লেখ্য, রাজধানীতে সড়ক দুর্ঘটনা ও গণপরিবহনের বেপরোয়া গতির কারণে প্রায়ই সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা দুর্ঘটনার কবলে পড়ছেন, যা জনমনে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করছে।
