নড়াইলের তুলারামপুর এলাকায় তেল না পেয়ে কথা কাটাকাটির জেরে এক পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে পিষ্ট করার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে মেসার্স তানভীর ফিলিং স্টেশনের পাশে এই ঘটনা ঘটে।
নিহত নাহিদ সর্দার (৩০) ওই পাম্পের ম্যানেজার এবং তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সর্দারের ছেলে। এই ঘটনায় জিহাদুল ইসলাম নামে পাম্পের এক কর্মী গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাম্পের ক্যাশিয়ার মো. জসিমউদ্দীন ও প্রত্যক্ষদর্শী কর্মচারীদের ভাষ্যমতে, ঘটনার সময় ঘাতক ট্রাকচালক মো. সুজাত পাম্পে তেল নিতে আসেন। পাম্পে মজুত না থাকায় তেল দিতে অপরাগতা প্রকাশ করেন ম্যানেজার নাহিদ। এতে ক্ষিপ্ত হয়ে সুজাতের সঙ্গে তাঁর তীব্র বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে সুজাত হুমকি দিয়ে বলেন, ‘তোকে আজকে ট্রাকের তলে চাপা দেব’। কাজ শেষে রাত সোয়া ২টার দিকে নাহিদ ও তাঁর সহকর্মী জিহাদুল মোটরসাইকেলে করে বাড়ির দিকে রওনা দিলে সুজাত তাঁর ট্রাক নিয়ে তাঁদের পিছু নেন। কিছুদূর যাওয়ার পর ট্রাক দিয়ে তাঁদের সজোরে চাপা দিয়ে সুজাত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
নাহিদ সর্দার ঘটনাস্থলেই নিহত হন এবং জিহাদুলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
নিহত নাহিদের পরিবার এই ঘটনাকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করে সুষ্ঠু বিচার প্রার্থনা করেছে। নড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অভিযুক্ত ট্রাক ও চালককে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। হাইওয়ে পুলিশও ঘাতক ট্রাকটির অবস্থান শনাক্তে কাজ করছে।
