তথাকথিত জুলাই আন্দলনের বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে বড়সড় পদক্ষেপ নিল ইউনুস পরবর্তী বিএনপি সরকার। আন্দোলনে শহিদদের সন্তান এবং আহত বা পঙ্গুত্ববরণকারী ‘জুলাই শিক্ষার্থী যোদ্ধা’দের জন্য বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। মঙ্গলবার ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসেই সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের বৈঠকে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষামন্ত্রী সাফ জানিয়েছেন, এই নির্দেশ দ্রুত কার্যকর করতে হবে যাতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এই বিশেষ শ্রেণির শিক্ষার্থীরা কোনও আর্থিক বাধা ছাড়াই পড়াশোনা চালিয়ে যেতে পারেন। শুধু তাই নয়, এদিনের বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী ১৮০ দিনের একটি ‘অ্যাকশন প্ল্যান’ বা কর্মপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ২০২৬-২৭ অর্থবছরের পরিকল্পনা এবং আগামী পাঁচ বছরের শিক্ষা খাতের ভোল বদলে দেওয়ার কৌশলী রোডম্যাপও তৈরি করেছে মন্ত্রণালয়।
বৈঠকের আরও একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত হল, আগামী ছয় মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলার ২ লক্ষাধিক শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হবে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস। প্রাথমিকভাবে নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রী এই সুবিধা পেলেও পর্যায়ক্রমে সারা দেশের প্রাথমিক স্তরের সমস্ত শিক্ষার্থীর জন্য এই প্রকল্প সম্প্রসারণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ডিজিটাল শিক্ষার প্রসারে আগামী এক বছরের মধ্যে প্রাথমিক থেকে উচ্চশিক্ষাসমস্ত স্তরের শিক্ষকদের হাতে ট্যাব তুলে দেওয়ার উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনাও ঘোষণা করেছেন মিলন।
