নিজস্ব প্রতিনিধি
পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রবিবার পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের পরিচালিত তিনটি জাহাজকে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হতে বাধা দিয়েছে ইরান। রবিবার (১ মার্চ) পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ এই তথ্য জানিয়েছে
এআরওয়াই নিউজের প্রতিবেদন অনুযায়ী, তেল পরিবহনের উদ্দেশ্যে যাত্রা করা করাচি, লাহোর এবং খায়রপুর নামক জাহাজগুলোর বিষয়ে এই নির্দেশ জারি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে যে, ‘লাহোর’ এবং ‘খায়রপুর’ জাহাজ দুটিকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, ‘করাচি’ জাহাজটিকে পাকিস্তানের গোয়াদার বন্দরে নোঙর করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, এই তিনটি জাহাজেই পাকিস্তানি ক্রু সদস্যরা অবস্থান করছিলেন।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক সতর্কবার্তায় জানিয়েছে যে, বাণিজ্যিক এবং নৌবাহিনীসহ সব ধরনের সামুদ্রিক চলাচলের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে।
