সময়ের চাকা যে কত দ্রুত ঘোরে, তার এক জীবন্ত দলিল হয়ে উঠল লড়াকু ছাত্রনেতা সাদিক কায়িম ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর পুরনো আলাপচারিতার এক ফাঁস হওয়া স্ক্রিনশট।
২০১৮-১৯ সালের সেই দিনগুলোতে যে সাদিক কায়িম বারবার ‘সালাম’ দিয়েও রাব্বানীর নূন্যতম পাত্তা পাননি, আজ সেই সাদিক কায়িমই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি হিসেবে ছাত্র-জনতার চোখের মণি। অন্যদিকে, একসময়ের দাপুটে নেতা গোলাম রাব্বানী এখন কার্যত আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত।
ফাঁস হওয়া স্ক্রিনশটে দেখা গেছে, ২০১৮ সালের ১ আগস্ট থেকে শুরু করে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত কয়েক দফায় রাব্বানীকে টেক্সট করেছিলেন সাদিক। কখনও ‘ভার্সিটির ছোট ভাই’ আবার কখনও ‘হলের ছোট ভাই’ পরিচয় দিয়েও মেলেনি কোনও প্রতিউত্তর। সম্প্রতি সেই স্ক্রিনশটটি প্রকাশ্যে এনে গোলাম রাব্বানী খোঁচা দিয়ে লিখেছেন, সাদিক যেন তাঁর ‘ফান্ডে রাখা ৩ লাখ টাকা’ খরচ করে ফেলেন। রাব্বানীর এমন মন্তব্যে নেটিজেনদের মধ্যে নিন্দার ঝড় উঠেছে।
আব্দুল কাদের এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে এক কড়া বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, “জীবনে মানুষকে কখনও ইগনোর করবেন না। আজকে কোথায় গোলাম রাব্বানী আর কোথায় সাদিক কায়িম!” তিনি আরও যোগ করেন, পাত্তা না পাওয়া সেই সাদিক ভাই আজ বিশ্বজুড়ে পরিচিত এক ছাত্রনেতা, আর অহংকারী রাব্বানী আজ জননিন্দিত। যাঁরা বর্তমানে উপেক্ষিত হয়ে হতাশায় ভুগছেন, তাঁদের জন্য সাদিক কায়িম এক উজ্জ্বল অনুপ্রেরণা বলে মনে করছেন এই তরুণ সংগঠক।
