বরগুনার বেতাগী উপজেলায় ছাত্রলীগের আয়োজনে প্যান্ডেল সাজিয়ে ঘটা করে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ঈদের দ্বিতীয় দিন রোববার (২২ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার রাত ১০টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা তার ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠানের একটি ভিডিও আপলোড করলে বিষয়টি প্রকাশ্যে আসে। ৪ মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, প্যান্ডেল করে চেয়ার-টেবিল সাজিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য রাজকীয় খাবারের আয়োজন করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে রেজাউল কবির রেজা লিখেন, “দীর্ঘদিন পরে আজ নিজ জেলায়। আজ ঈদের দ্বিতীয় দিন বরগুনা জেলার বেতাগী উপজেলা ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে… ধন্যবাদ তোমাদের সবাইকে।”
অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সভাপতি সশরীরে উপস্থিত থাকা ছাড়াও মোবাইল ফোনের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেন বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম গোলাম কবির ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান। এছাড়াও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরানও ফোনে নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই বিতর্কিত অনুষ্ঠানের নেপথ্য আয়োজক ছিলেন বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল আমিন ও সাধারণ সম্পাদক সিফাত শিকদার। অনুষ্ঠানে বেতাগী পৌর ছাত্রলীগসহ উপজেলার সাতটি ইউনিয়নের কয়েকশ নেতাকর্মী অংশ নেন। ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করার পর প্রকাশ্য দিবালোকে স্কুল মাঠে এমন বড় আয়োজনে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
