ফোরটিন ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন হল রোডের একটি মেসে চুরির অপবাদে আজমুল হোসেন (২২) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা ও ছাদ থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার নিহতের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় হরিণটানা থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন হল রোডের মসজিদ গলির একটি পাঁচতলা ভবনের মেসে ঘটনাটি ঘটে। সেখানে অবস্থানরত খুলনা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাবেক শিক্ষার্থী আজমুলকে আটক করে বেধড়ক মারধর ও মাথার চুল কেটে দিলে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, রাতে মেসে চুরির অভিযোগ তুলে কয়েকজন যুবক আজমুলকে ছাদ নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হরিণটানা থানা পুলিশ ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
নিহত আজমুল হোসেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ওই ভবনের একটি মেসে ভাড়া থেকে পড়াশোনা চালিয়ে আসছিলেন।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, “চুরির অপবাদ দিয়ে কয়েকজন যুবক আজমুলকে বেধড়ক মারধর করে এবং রাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
নিহতের পরিবার দাবি করেছে, মারধরের একপর্যায়ে অভিযুক্তরা ফোনে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল। টাকা না পেয়ে কিছুক্ষণের মধ্যেই ফোন বন্ধ করে দেওয়া হয় এবং পরবর্তীতে তারা আজমুলের মৃত্যুর খবর পান।
পরিবারের পক্ষ থেকে থানায় আনুষ্ঠানিক মামলা দায়েরের পর পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবে।
