নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক প্রয়াত বীর মুক্তিযোদ্ধার বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ খানের বাড়িতে এই তাণ্ডব চালানো হয়। হামলার পর থেকে ওই মুক্তিযোদ্ধার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
মুক্তিযোদ্ধা আবদুল্লাহ খানের ছেলে আবদুল গফফার জানান, স্বাধীনতার পর থেকে তারা ওই গ্রামের সরকারি খাস জমিতে বসবাস করে আসছিলেন, যা সরকার তাঁর বাবাকে ৯৯ বছরের জন্য বন্দোবস্ত দেয়। অভিযোগ উঠেছে, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ও তাঁর সহযোগীরা ওই জায়গাটি দখলের পাঁয়তারা শুরু করেন।
আবদুল গফফারের দাবি, জমিটি রক্ষা করতে হলে নিজাম উদ্দিন তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় এবং থানায় লিখিত অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে দুপুরে নিজাম উদ্দিনের নেতৃত্বে হামলা চালানো হয়। হামলাকারীরা ঘরটি গুঁড়িয়ে দেয় এবং আসবাবপত্র লুট করে নিয়ে যায়।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন যুবদল নেতা নিজাম উদ্দিন। তিনি বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। আমি সেখানে যাইনি।” যদিও ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার ভিডিও ফুটেজ তাদের কাছে সংরক্ষিত আছে যেখানে নিজাম উদ্দিনকে সরাসরি নেতৃত্ব দিতে দেখা গেছে।
পুলিশের পদক্ষেপ
খবর পেয়ে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) হাদী আবদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি গণমাধ্যমকে জানান,
“ভাঙচুরের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। বীর মুক্তিযোদ্ধার ছেলের ঘরটি ভেঙে দেওয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে পুলিশ।”
তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও পুলিশ জানিয়েছে।
