নিজস্ব প্রতিবেদক: ‘আমার একটা শখ জাগছে, বুঝছেন? আমি একটা জ্যাতা নমো পুড়মু (পোড়াব), আপনারে বাইছা নিছি, এ ক্ষেত্রে আপনার মন্তব্য কী?’—এক ব্যবসায়ী ও স্থানীয় ইউপি নির্বাচন প্রত্যাশী গোবিন্দ চন্দ্র মণ্ডলকে মুঠোফোনে ঠিক এভাবেই জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দিয়েছেন ফরিদ উদ্দিন গাজী নামের এক বিএনপি নেতা। কুরুচিপূর্ণ ও আতঙ্কজনক এই ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অঞ্চলজুড়ে তীব্র সমালোচনা ও সামাজিক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র মণ্ডল জানান, ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই বিএনপি নেতা ফরিদ গাজী তাঁর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় এবং এলাকায় আসার খবরে ফরিদ গাজী তাঁকে মুঠোফোনে কল দিয়ে সরাসরি জ্যান্ত পোড়ানোর হুমকি দেন। ভয়ে ও আতঙ্কে ভুক্তভোগী ব্যবসায়ী সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। তবে হুমকিদাতা ফরিদ গাজী অন্য একটি অপরাধমূলক মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে থাকায় এ বিষয়ে তাঁর সরাসরি বক্তব্য পাওয়া যায়নি।
ফরিদ গাজীর এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির নেতারা দায় এড়িয়ে জেলা নেতাদের দিকে নির্দেশ করেন। পরবর্তীতে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি জানান, ঘটনার সত্যতা তদন্ত করে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে এবং অভিযুক্ত ফরিদ গাজীর বিরুদ্ধে দ্রুতই কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
